
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কর্মশালা আজ বরিশালের রহমতপুরে শুরু হয়েছে। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগ এই কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।
বারি বরিশালের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদরদপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। গেস্ট অব অনার হিসেবে ছিলেন ডাল গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ড. মো. ছালেহ উদ্দিন এবং সাবেক মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।
দুইদিনের এই কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ভোলার উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক, ডিএই বরগুনার উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম উদ্দিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অঞ্জন কুমার দাস, বৈজ্ঞানিক কর্মকর্তা রাজি উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা স্মৃতি হাসনা প্রমুখ। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ জন বিজ্ঞানী এবং কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একসময় বরিশাল অঞ্চল শস্য উৎপাদনের নামডাক ছিল। এখন প্রতিকূলতার মধ্য দিয়ে এখানে চাষাবাদ করতে হচ্ছে। তবে এসব সমস্যা মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন সম্ভব।



