
মো. এমদাদুল হক (রাজশাহী) : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় সরকারের চলমান প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
গত ১৩ জুন দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১/২০২৫-২৬ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজ (কন্দ), রোপা আমন, মরিচ এবং ফল ও বৃক্ষের চারা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষিবান্ধব সরকারি নীতিমালা এবং কৃষকদের পাশে সরকারের ধারাবাহিক সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের দেওয়া প্রণোদনার উপকরণ যথাযথভাবে ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজে লাগিয়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। তিনি রাজশাহীর কৃষি উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা পারভিন লাবনী। তিনি উপস্থিত অতিথি, কৃষক এবং অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রণোদনা কর্মসূচির উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং বিতরণকৃত কৃষি উপকরণের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে সফল আয়োজনের জন্য তিনি সম্মানিত অতিথিবৃন্দ, কৃষক ভাই-বোন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।



