
মো. এমদাদুল হক (রাজশাহী) : রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর হাটকে ঘিরে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে অবশেষে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হিসেবে আমের বাজারকে মূল সড়ক থেকে সরিয়ে চারঘাট সড়কের নির্ধারিত স্থানে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বানেশ্বর হাট এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্ন যান চলাচলের পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ লক্ষ্যে জেলা প্রশাসন, রাজশাহীর উদ্যোগে গত ১৪ জুন (রোববার) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম।
সভায় পুলিশ প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মুক্ত আলোচনায় বানেশ্বর হাট এলাকার যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাট ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আমের বাজারকে মূল সড়ক থেকে সরিয়ে চারঘাট সড়কের নির্ধারিত স্থানে স্থানান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং জনদুর্ভোগ কমে।
এ ছাড়া সড়ক নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে না রেখে নির্ধারিত স্থানে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়, যাতে যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। সভায় আমের বাজারে প্রচলিত ‘ঢলন’ প্রথা থেকে বেরিয়ে আসার আহ্বান জানানো হয় এবং বানেশ্বর হাটের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম জনসাধারণের নিরাপত্তা ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি জানান, সরকার বানেশ্বর হাট স্থায়ীভাবে স্থানান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়টিও বিবেচনা করছে।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার আলোকে জনগণকে সেবা প্রদান এবং দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি শৃঙ্খলাপূর্ণ, নিরাপদ ও জনবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।



