
সিলেট সংবাদদাতা : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় অর্থনীতির অগ্রযাত্রা সচল রাখতে কৃষক সমাজের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট-এর উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শামসুজ্জামান।
রবিবার (১০ মে) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষকরাই দেশের কৃষি উন্নয়নের অগ্রসৈনিক। সিলেট অঞ্চলে সবজি উৎপাদন বৃদ্ধির জন্য বন্যা-সহিষ্ণু প্রযুক্তি, উঁচু বেড পদ্ধতি এবং হাওর ও পতিত জমিকে চাষাবাদের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সরকারি প্রশিক্ষণ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এই অঞ্চলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, বর্তমানে “কিউ ট্র্যাক” “হলুদ আঠালো ফাঁদ” ও বিভিন্ন প্রকারের আধুনিক জৈব বালাইনাশকের ব্যবহার কৃষিতে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং এসব প্রযুক্তিতে উৎপাদিত সবজি ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উন্নত বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের পাশাপাশি সেচ ব্যবস্থা উন্নয়ন, খাল খনন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এছাড়া কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষকের হাট’ প্রতিষ্ঠার মাধ্যমে সরাসরি ভোক্তাদের কাছে কৃষিপণ্য বিক্রির সুযোগ সৃষ্টি হয়েছে।কৃষিতে ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর অবদান ব্যাপক ভালো মান সম্মত বীজ ও জৈব বালাইনাশক বাজারজাত করণে ব্র্যাক সীডের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট-এর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান, তিনি, GAP (Good Agriculture Practice) এর উপরে একটি প্রেজেন্টেশন প্রদান করেন, যেখানে নিরাপদ খাদ্য উৎপাদনের ভূমিকা তুলে ধরেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো: ফজলে রাফি, প্রোডাক্ট ম্যানেজার (এগ্রি মেশিনারিজ),ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আনিছুর রহমান, যিনি টেকসই কৃষি সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর চলমান উদ্যোগগুলো তুলে ধরেন।
বায়োপেস্টিসাইড ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শ্রীমঙ্গলের টেরিটোরি সেলস অফিসার কৃষিবিদ এ.কে. শাহরিয়ার।
সিলেট টেরিটোরির টেরিটোরি সেলস অফিসার মোঃ শাওন হাওলাদারের সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় সিলেট জেলার ৬৬ জন ডিলার, রিটেইলার ও নার্সারি মালিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় উত্তম কৃষি পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং অনাবাদী জমিকে উৎপাদনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
বাংলাদেশে কৃষির আধুনিকায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর এ- ধরনের উদ্যোগ বীজ ব্যবসায়ীদের মধ্যে এবং সর্বোপরি কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা মত প্রকাশ করেন।



