
বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কংগ্রেসে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আবু নঈম মুহাম্মদ সাইফুদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান। সভাপতিত্ব করেন জনাব তাজমিন আলম তুলি, উপজেলা নির্বাহী অফিসার, রোয়াংছড়ি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কৃষিবিদ মোঃ এহসানুল হক, উপজেলা কৃষি অফিসার, রোয়াংছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পাপন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার, রোয়াংছড়ি।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মেহ্লা অং মারমা এবং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব উনুমং মারমা।
কংগ্রেসে পিএফএস ও নন-পিএফএসভুক্ত কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষকরা কৃষক মাঠ স্কুল থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা নিজেদের মধ্যে বিনিময় করেন। একইসঙ্গে তাদের অর্থনৈতিক উন্নয়নে ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের খোরপোষের কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে আধুনিক কৃষি প্রযুক্তি, উদ্যোক্তা সৃষ্টি এবং বাজার ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিতে হবে। কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।



