
ফরিদপুর সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘পরিবর্তিত জলবায়ু মোকাবেলায় ফসলের জাত ও প্রযুক্তি ব্যবহার’বিষয়ক এআইসিসি ক্লাবের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) সকালে কৃষি তথ্য সার্ভিস (এআইএস) আঞ্চলিক কার্যালয়, বরিশালের উদ্যোগে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের সকল নতুনত্ব ফসলের জাত, কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষকের কাছে পৌঁছে দিয়ে থাকে কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি তথ্য সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুগের সাথে কৃষিকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি শক্তিশালী। সময়ের সাথে সাথে তথ্য ও প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। একমাত্র তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়েই কৃষির এত উন্নতি সম্ভব হয়েছে। প্রধান অতিথি প্রশিক্ষণ নিতে আসা কৃষকদের ফসল করার আগে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিস, বরিশালের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, শেখ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক, কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষণে পরিবর্তিত জলবায়ুতে কৃষির সমস্যা এবং সম্ভাবনা, ফসল উৎপাদনে সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা, তাপসহিষ্ণু ফসল আবাদ, জলমগ্ন সহিষ্ণু ধান চাষাবাদ, ফসল আবাদে খরাসহিষ্ণু জাত ব্যবহার বিষয়সমূহের উপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোয়ালন্দের উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, কৃষি তথ্য সার্ভিসের বরিশালের কর্মকর্তা নাহিদ বিন রফিক, কৃষি তথ্য সার্ভিস বরিশালের কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, আসাদুল্লাহ সেশন পরিচালনা করেন।



