
পাবনা সংবাদদাতা: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা এর উদ্যোগে আধুনিক কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) অত্র কার্যালয়ের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ বিএম রাশেদুল আলম, প্রধান তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি সংশ্লিষ্ট সকলের মাঝে কৃষির আধুনিক তথ্য প্রযুক্তি পৌঁছাতে কৃষি তথ্য সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুগের সাথে কৃষিকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি শক্তিশালী। সময়ের সাথে সাথে তথ্য ও প্রযুক্তির পরিবর্তন হচ্ছে । একমাত্র তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়েই কৃষির এত উন্নতি সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, কৃষি তথ্য সার্ভিস বিভিন্ন প্রচার মাধ্যমে যেমন প্রকাশনা, পডকাস্ট, ভিডিও ডকুমেন্টারী, মোবাইল সিনেমা শো, কল সেন্টার, এআইসিসি দ্বারা প্রত্যন্ত অঞ্চলে তথ্য প্রযুক্তি বিস্তার করে যাচ্ছে। তথ্য জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। অন্যান্যদের মাঝেও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলেই দ্রুত তথ্য প্রযুক্তির সম্প্রসারণ ঘটবে। এতে কৃষির উৎপাদন বাড়বে এবং দেশের কৃষি সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিস, পাবনার সহকারী তথ্য অফিসার বাদল চন্দ্র সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষণে কৃষি তথ্য সার্ভিস এর কার্যক্রম, কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা, কৃষি তথ্য সেবাভিত্তিক এ্যাপস ও ওয়েবসাইট পরিচিতি, বিভিন্ন ফসলের রোগ-বালাই দমন ব্যবস্থপানা, কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের ভূমিকা ও কার্যক্রম জোরদারে করনীয় বিষয়সমূহের উপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক এবং অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো: রাফিউল ইসলাম সেশন পরিচালনা করেন।



