
মো. এমদাদুল হক (রাজশাহী) : জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে কৃষি তথ্য সার্ভিসের কার্যকর ভূমিকা ও সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাজশাহী অঞ্চলের কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর উদ্যোগে আয়োজিত সেমিনারে রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বীজ প্রত্যয়ন এজেন্সি, সরেজমিন গবেষণা বিভাগ, বিএডিসি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ বেতার, কৃষি বিপণন অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, তুলা উন্নয়ন বোর্ড, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, ফল গবেষণা ইনস্টিটিউট, সুগারক্রপস গবেষণা কেন্দ্র, উদ্যোক্তা, শিক্ষক, এআইসিসির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ শফিকুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ ইয়াসিন আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা কৃষিবিদ মোছা. ফরিদা ইয়াছমিন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান এবং পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক কৃষিবিদ মো. আব্দুল্লাহ হিল-কাফি।
বক্তারা বলেন, আধুনিক কৃষি যন্ত্র ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে। সঠিক ও সময়োপযোগী কৃষি তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া গেলে কৃষির উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।
প্রধান অতিথি ড. মো. আজিজুর রহমান বলেন, বাংলাদেশের কৃষি খাত ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রগতিকে আরও বেগবান করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান বলেন, গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্কের ফলে কৃষি বিষয়ক সংবাদ এখন নিয়মিত প্রকাশিত হচ্ছে। তিনি সহজ, সঠিক ও নির্ভুল তথ্য প্রচারের ওপর জোর দেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা কৃষি তথ্য প্রচারের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।



