
নিজস্ব প্রতিবেদক: কৃষকদের দক্ষতা উন্নয়ন ও টেকসই কৃষি সম্প্রসারণের লক্ষ্যে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” রাঙামাটি পার্বত্য জেলায় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ কংগ্রেসে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রশীদ, উপপরিচালক, বনরূপা হর্টিকালচার সেন্টার এবং অরুণ রায়, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি; মো. শাহরিয়াজ বিশ্বাস, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প; মো. আবু নাছির, সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি, রাঙামাটি ও সাবেক চেয়ারম্যান, ৩ নং গুলশাখালী ইউনিয়ন এবং মো. নাছির উদ্দিন, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লংগদু উপজেলা।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মেজর আল জাকারিয়া জন, জোন স্টাফ অফিসার, লংগদু জোন; অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ওয়াসিফ রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, লংগদু, রাঙামাটি।
কংগ্রেসে বিভিন্ন ফিল্ড স্কুলের কার্যক্রম উপস্থাপন করা হয় এবং কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার, ফসল উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জ্ঞান আদান-প্রদানের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়, যা মাঠপর্যায়ে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে কৃষকদের মাঝে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে কৃষি উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।



