
আসাদুল্লাহ (ফরিদপুর) : সলা ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হলো রসুন চাষ বিষয়ক মাঠ দিবস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ৩ নম্বর নর্থচ্যানেল ইউনিয়নের আব্দুর রশিদ মুন্সির ডাঙ্গীতে এ মাঠ দিবসের আয়োজন করে হর্টিকালচার সেন্টার ভাজনডাঙ্গা। অনুষ্ঠানে অর্থায়ন করে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর এবং উদ্যান উন্নয়ন কর্মকর্তা শাহ মো. ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, রসুন চাষ দুইভাবে করা যায়—বিনা চাষে ও চাষের মাধ্যমে। তবে উচ্চ ফলন পেতে হলে শুরুতেই উন্নত জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে উপযুক্ত জাত নির্বাচন ও যথাযথ পরিচর্যার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করা সম্ভব। তিনি জানান, ইতালি জাতের রসুন প্রতি শতাংশে প্রায় ৬০ কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম, যেখানে প্রচলিত গঙ্গাজলী জাতের ফলন গড়ে ৪০ কেজি। অধিক ফলনের সম্ভাবনার কারণে তিনি কৃষকদের ইতালি জাতের রসুন চাষে এগিয়ে আসার আহ্বান জানান।
মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষাণী আসমা বেগম বলেন, স্থানীয় গঙ্গাজলী জাতের তুলনায় ইতালি রসুনের ফলন বেশি হওয়ায় কম খরচে বেশি উৎপাদন সম্ভব হচ্ছে। তাই আগামী মৌসুম থেকে তারা ইতালি জাতের রসুন চাষে আরও আগ্রহী হবেন বলে জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার মো. ফরিদুল ইসলাম। সভাপতিত্ব করেন হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ বিন ইয়ামিন।
মাঠ দিবসে হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপসহকারী উদ্যান কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এবং প্রায় ২০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। আয়োজন শেষে প্রদর্শনী প্লট পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।



