
মো. জুলফিকার আলী (সিলেট) : কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে উৎসাহিত করার লক্ষ্যে সিলেটে “সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার” শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিয়ানীবাজার, সিলেটের কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশররফ হোসেন। বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। কৃষকরা নতুন ও আধুনিক প্রযুক্তি গ্রহণ করলে সিলেট অঞ্চলের কৃষি আরও এগিয়ে যাবে।
তিনি কৃষাণীদের উদ্দেশে বলেন, বসতবাড়ির আশপাশের পতিত ও খালি জায়গায় ফল ও সবজির আবাদ বাড়াতে হবে। এর মাধ্যমে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে বাড়তি আয় করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাজেদুর রহমান, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাহমিদা আক্তার এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সিলেটের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ দীপ্ত চক্রবর্তী।
প্রশিক্ষণে কৃষি তথ্য ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপসের ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধিতে ফসলের বীজ উৎপাদন ও সংরক্ষণের আধুনিক প্রযুক্তি, ফসল সুরক্ষায় আধুনিক সেচ, সার ও মাটি ব্যবস্থাপনা প্রযুক্তি এবং আমন ধানের প্রধান রোগসমূহের পরিচিতি ও দমন ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন কৃষি উদ্যোক্তা, বীজ ডিলার এবং প্রগতিশীল কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।



