
মো. গোলাম আরিফ (পাবনা) : রবি ২০২৬-২৭ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের কাছে লাগসই প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধাবর (২৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ. কে. এম. মনজুরে মাওলা।
সভায় অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন। তিনি বিগত সভার রেজুলেশন পাঠের পাশাপাশি জেলার বর্তমান কৃষির উল্লেখযোগ্য কার্যক্রম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। পরে বিগত সভার কৃষি কার্যক্রম ও কর্মপরিকল্পনা পর্যালোচনা করে তা অনুমোদন করা হয়।
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবিত লাগসই ও আধুনিক কৃষি প্রযুক্তি উপস্থাপন এবং এসব প্রযুক্তি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অর্থকরী ফসল হিসেবে চিবিয়ে খাওয়া বিএসআরআই আখ-৪২ (রংবিলাশ), বিএসআরআই-৪৯ (ব্ল্যাক রুবি) ও স্টেভিয়া চাষ সম্প্রসারণ, আখের সঙ্গে সাথি ফসল চাষ এবং বারোমাসি কাঁঠালের ব্যাপক চারা উৎপাদন ও সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কৃষকের উৎপাদন ব্যয় কমানো ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল সার শনাক্তকরণ, মাটি পরীক্ষা করে জমিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ এবং সার সুপারিশ প্রণয়নের জন্য মৃত্তিকা গবেষণাগারে মাটির নমুনা পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া কৃষকদের মধ্যে ‘খামারী অ্যাপস’-এর ব্যবহার বাড়ানো এবং কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে ‘কৃষিকথা’ ম্যাগাজিনে নিয়মিত লেখা পাঠানো ও গ্রাহক সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ভিটামিন-ই ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উচ্চফলনশীল কালো চালের বোরো ধানের জাত ব্রি ধান-১১৫ সম্প্রসারণ, চলতি আমন মৌসুমসহ অন্যান্য ফসলের রোগ ও বালাই ব্যবস্থাপনা এবং রাসায়নিক সারের মজুদ ও সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিংয়ের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা অনুযায়ী খরিফ-২ ও রবি মৌসুমে (২০২৬-২৭) প্রধান প্রধান ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ, বীজের চাহিদা এবং উৎসভিত্তিক সম্ভাব্য প্রাপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এসসিএ, বিএডিসি, বিএসআরআই, বিজেআরআই, এসআরডিআই, তুলা উন্নয়ন বোর্ড, বারি (ওএফআরডি), ব্রি, বিনা, আঞ্চলিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপণন অধিদপ্তর, বিসিআইসি সার, কীটনাশক ও বীজ ডিলার প্রতিনিধি এবং কৃষক প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।



