
গাজীপুর সংবাদদাতা: বিএআরআই, বিআরআরআই, জিএইউ, এনএটিএ এবং এসসিএ সহ কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে মতবিনিময় এবং বিএআরআই এর অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬ এর উদ্বোধন মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০:০০ ঘটিকায় কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গত ২০২৫-২০২৬ সনে যে সকল গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী ২০২৬-২০২৭ সনে গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। বারি’র বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধ সক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষোপযোগী জাত এবং ৬৯২টি অন্যান্য উৎপাদন প্রযুক্তিসহ এযাবৎ মোট ১,৩৭৩টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
ড. রফিকুল ই মোহামেদ, সচিব, কৃষি মন্ত্রণালয় এর সভাপতিত্বে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মাননীয় মন্ত্রী, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, সময়ের প্রয়োজনকে সামনে রেখে বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে হবে। প্রতিকূল আবহাওয়া উপযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবনেও বিশেষ গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদরি। প্রারম্ভিক অনুষ্ঠানে বারি’র গবেষণা কার্যক্রম ও সাফল্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ড. ফারুক আহমেদ, পরিচালক (গবেষণা), বিএআরআই । এসময় কর্মশালায় স্ব স্ব প্রতিষ্ঠানের তথ্য উপস্থাপন করেন প্রফেসর ড. জি কে এম মুস্তাফিজুর রহমান, ভাইস চ্যান্সেলর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়; ড. মো. রফিকুল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট; মো: সাইফুল আজম খান, মহাপরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি; ড. মো. সাইফুল আলম, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি । মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠানে দেশের কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও যুগোপযোগী করতে সবাইকে একত্রে এগিয়ে আসতে আহবান করা হয়।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারি’র পরচিালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাওছার উদ্দিন আহাম্মদ। উক্ত অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী/কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সর্বশেষে অনুষ্ঠানে স্বতস্ফুর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।



