
নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি উপকরণের যথাযথ ব্যবহার বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ আজ (১৪ জুন) বরিশালে শুরু হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। ব্রির আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রির প্রশিক্ষণ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদাত হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপপরিচালক মো. আক্তার হোসেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, ব্রির ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুন প্রমুখ। পার্টনার প্রকল্পের আওতাধীন এই প্রশিক্ষণে ৬০ জন বীজ, সার ও বালাইনাশক ডিলার অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বীজ, সার এবং বালাইনাশক কৃষির প্রধান উপকরণ। এগুলো আপনাদের মাধ্যম হয়েই কৃষকের মাঠে পৌঁছে যায়। তা ব্যবহার করে চাষিরা ফসল ফলান। এজন্য উপকরণগুলো ভেজালমুক্ত রাখা আপনাদের ঈমানী দায়িত্ব। ব্যবসা অবশ্যই লাভের আশায় করবেন। তবে হালালের বিষয়টিও মাথা রাখতে হবে। কৃষকরা যদি উপযুক্ত উপকরণ হাত পান, তাহলে দেশে আশানুরূপ শস্য উৎপাদন হবে। আর আপনারাও হবেন এর গর্বিত অংশীদার।



