
আসাদুল্লাহ (ফরিদপুর) : মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে ফরিদপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ফরিদপুরের ৩ নম্বর নর্থচ্যানেল ইউনিয়নের জহিরউদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করে হর্টিকালচার সেন্টার ভাজনডাঙ্গা, ফরিদপুর। অনুষ্ঠানে অর্থায়ন করে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প, খামারবাড়ি, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। সম্মানিত অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) ফরিদপুরের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং উদ্যান উন্নয়ন কর্মকর্তা শাহ মো. ইমরান হোসেন।
মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, “তরকারি রান্নায় মরিচের কোনো বিকল্প নেই। এটি আমাদের দৈনন্দিন জীবনের অত্যাবশ্যকীয় উপাদান। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে অল্প জমিতে অধিক ফলন অর্জন সম্ভব। আজ যে জাতটি প্রদর্শন করা হয়েছে, সেটির ফলন স্থানীয় জাতের তুলনায় বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত। ধুমকেতু জাতের মরিচ চাষের মাধ্যমে কৃষকরা কম খরচে অধিক ফলন পেয়ে লাভবান হতে পারবেন।” তিনি কৃষকদের এই জাতের মরিচ চাষে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় কৃষক আ. কাদের সরদার জানান, স্থানীয় জাতের তুলনায় হাইব্রিড ধুমকেতু মরিচের ফলন উল্লেখযোগ্যভাবে বেশি। কম খরচে বেশি উৎপাদনের সম্ভাবনা থাকায় ভবিষ্যতে তারা ধুমকেতু জাতের মরিচ চাষে আগ্রহী হবেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম উপস্থাপনার দায়িত্ব পালন করেন। সভাপতিত্ব করেন হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ বিন ইয়ামিন।
মাঠ দিবসে হর্টিকালচার সেন্টার ফরিদপুরের কর্মকর্তা-কর্মচারী, কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি এবং শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।



