
বান্দরবন সংবাদদাতা: বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত উপপরিচালক কৃষিবিদ আবু নঈম মুহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এহসানুল হক এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ পাপন সরকার।
তারা কাজুবাদাম ও কফি চাষের আধুনিক প্রযুক্তি, রোগ-বালাই ব্যবস্থাপনা, নার্সারি তৈরি, পরিচর্যা এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াপতং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব চনু মং মারমা। আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার জনাব উবাচিং মারমা, ওয়ে ওয়ে ফ্রু মারমা, মাশৈসিং মারমা এবং রিটন কান্তি তালুকদারসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা।
প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি একই ইউনিয়নের খ্রায়া মং পাড়ায় পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে কৃষকদের সরাসরি মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রদর্শন করা হয় এবং নমুনা শস্য কর্তনের মাধ্যমে ফলন মূল্যায়ন করা হয়।
উক্ত প্রশিক্ষণ ও মাঠ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মধ্যে কাজুবাদাম ও কফি চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এতে পার্বত্য অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন ও কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



