
রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর পুঠিয়া উপজেলায় অননুমোদিতভাবে মজুদকৃত ও সরকারি বরাদ্দবহির্ভূত ৩৩০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ কুমার এবং পুলিশের এসআই শরিফুল ইসলাম (শিবপুর ক্যাম্প ইনচার্জ)-এর সমন্বয়ে পরিচালিত অভিযানে কার্তিকপাড়া বাজারের তিনটি দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় মেসার্স নিশি কীটনাশক বিপণীর প্রোপ্রাইটর মো. সাইদুল ইসলামের (লাইসেন্স নং-৩৪২১) নিকট থেকে অননুমোদিতভাবে মজুদকৃত ও সরকারি বরাদ্দবহির্ভূত ২৭৬ বস্তা ডিএপি, ৪৮ বস্তা টিএসপি এবং ৩ বস্তা ইউরিয়াসহ মোট ৩৩০ (তিনশত ত্রিশ) বস্তা সার জব্দ করা হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জব্দকৃত সারগুলো রাজশাহী অঞ্চলবহির্ভূত এলাকা থেকে পুঠিয়ায় আনা হয়েছিল। সরকারি বরাদ্দ ও নির্ধারিত বিপণন ব্যবস্থার বাইরে সার মজুদ ও বিক্রয়ের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের হয়রানি রোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
জব্দকৃত সার যথাযথ সংরক্ষণ ও নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কৃষি উপসহকারী কর্মকর্তার জিম্মায় কার্তিকপাড়া বাজারের মেসার্স আহাম্মদ আলী বিসিআইসি সার ডিলারের নিকট রাখা হয়েছে। পরবর্তী সময়ে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। সার বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে অননুমোদিত মজুদ, অবৈধ স্থানান্তর এবং সরকারি বরাদ্দের বাইরে সার ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



