
পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ফলাফলভিত্তিক (ওবিই) মূল্যায়নে গুণগত মান নিশ্চিতকরণ, সহায়ক উপাদান, পরিমাপক দণ্ড, সমন্বয়করণ ও পরিমাপক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নেছারউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করা এখন সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে প্রচলিত বা সনাতন শিক্ষা পদ্ধতির পরিবর্তে ‘আউটকাম বেসড এডুকেশন’ বা ফলাফলভিত্তিক শিক্ষা (ওবিই) পদ্ধতি বাস্তবায়ন একটি মাইলফলক।
তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নামমাত্র ডিগ্রি প্রদান করতে চাই না; বরং আমরা চাই, আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন সুনির্দিষ্ট জ্ঞান, দক্ষতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। আর এ প্রক্রিয়ার সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অংশ হলো মূল্যায়ন পদ্ধতি বা অ্যাসেসমেন্ট।’
উপাচার্য আরও বলেন, কর্মশালার মূল বিষয় হলো গুণগত মান নিশ্চিতকরণ। ওবিই’র মূল্যায়নের জন্য সঠিক টুলস ও রুব্রিকস ব্যবহার অত্যন্ত জরুরি। রুব্রিকস এমন একটি স্বচ্ছ পরিমাপক দণ্ড, যা শিক্ষার মূল্যায়নে পক্ষপাতহীনতা দূর করে এবং মূল্যায়নের মানকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদেরও তাদের কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে, সে বিষয়ে সঠিক ধারণা দেয়।
কর্মশালায় দুটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল ও কারিগরি বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ ইকবাল। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত আলোচনা এবং বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত প্রশ্নোত্তর (Q&A) পর্ব অনুষ্ঠিত হয়। উভয় পর্বেই রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. আব্দুল্লাহ ইকবাল।
কর্মশালায় পবিপ্রবির বিভিন্ন অনুষদের ৫৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।



