
মো. গোলাম আরিফ (পাবনা) : দেশের জনসাধারণের পুষ্টির উন্নয়ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে পাবনায় ০৩ (তিন) দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে ০৬-০৮ অক্টোবর ২০২৬ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)সিরাজগঞ্জ পাবনা সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করেন।
বারটান আঞ্চলিক প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল এর সভাপতিত্বে ০৩ (তিন) দিনব্যাপী প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক; পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম; অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সিরাজুম মুর্শিদা; প্রাণিসম্পদ কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যন্য প্রশিক্ষকবৃন্দ পৃথক পৃথক সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষকবৃন্দ তাদের আলোচনায় কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও স্বাস্থ্য খাতের সঙ্গে পুষ্টির আন্তঃসম্পর্ক তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত খাদ্যকে মানুষের পুষ্টি নিশ্চিতকরণে আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পুষ্টিকর খাবার মানেই শুধু ব্যয়বহুল খাবার নয়। আমাদের আশপাশে উৎপাদিত ও সহজলভ্য অনেক স্বল্পমূল্যের খাদ্যেই শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, খনিজ, আঁশ ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। ডাল, শাকসবজি, বিভিন্ন দেশীয় শস্য, ডিম, ছোট মাছ, দুধ ও দুধজাত খাবারসহ স্থানীয়ভাবে সহজলভ্য। খাদ্য সঠিক পরিমাণে ও বৈচিত্র্যের সঙ্গে গ্রহণ করলে তুলনামূলক কম খরচে পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরো বলেন, দেশের মানুষের পুষ্টি উন্নয়নে শুধু খাদ্যের উৎপাদন বৃদ্ধি যথেষ্ট নয়; উৎপাদিত খাদ্য কীভাবে নিরাপদ, বৈচিত্র্যময় ও পুষ্টিকরভাবে মানুষের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোও অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে খাদ্যভিত্তিক পুষ্টি শিক্ষা জনগণের খাদ্যাভ্যাস পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
০৩ (তিন) দিনব্যাপী এ প্রশিক্ষণে দেশের প্রতিটি মানুষের জন্য “সুষম খাদ্য, সুস্থ জীবন” নিশ্চিত করতে স্থানীয় ও স্বল্পমূল্যের পুষ্টিকর খাবারের সর্বোত্তম ব্যবহার এবং খাদ্যভিত্তিক পুষ্টি সম্পর্কে জনগণকে সচেতন করার এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।



