
মো. গোলাম আরিফ (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, পাবনা এর আয়োজনে খরিপ ১/২০২৫-২৬ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে জেলার বর্তমান কৃষির উল্লেখযোগ্য কার্যক্রগুলো পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম।
সভায় বিগত রবি ২০২৫-২৬ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। সভায় আলোচকবৃন্দ বলেন, পাবনা একটি অত্যন্ত কৃষি সমৃদ্ধ জেলা। যা মূলত পেঁয়াজ, সবজি, তেল ফসল এবং লিচুসহ ফল উৎপাদনের জন্য দেশজুড়ে পরিচিত। পরিকল্পিত ফসল চাষাবাদের মাধ্যমে শস্য নিবিড়তা বৃদ্ধি করে খাদ্য উদ্বৃত্তের জেলায় পরিণত হয়েছে। আর এটি কৃষি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বয়ের ফলেই সম্ভব হয়েছে।
এছাড়াও সভায় সমসাময়িক কৃষি, খরিপ-১ মৌসুমে আবাদযোগ্য ফসল, প্রযুক্তি, জাত, প্রতিষ্ঠানভিত্তিক উদ্ভাবিত লাগসই প্রযুক্তিসমূহ উপস্থাপন, কার্যক্রম বাস্তবায়নে গবেষণা প্রতিষ্ঠানকে সকলের সাথে সমন্বয় সাধন, প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে কৃষকদের মাটি পরীক্ষা, চলতি বোরো মৌসুমে সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং, কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষিকথা ম্যাগাজিনে লেখা প্রেরণ এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি, দন্ডায়মান মাঠ ফসলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ প্রদানে কর্মপরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিএসআরআই, এসসিএ, বিএডিসি, বিজেআরআই, এসআরডিআই, ডাল গবেষণা কেন্দ্র, তুলা উন্নয়ন বোর্ড, বারি (ওএফআরডি), ব্রি, বিনা, আঞ্চলিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপনন অধিদপ্তর, বিসিআইসি সার, কীটনাশক ও বীজ ডিলার প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ ৪০ জন উপস্থিত ছিলেন।



