
বিশেষ সংবাদদাতা: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে সার্কভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের পরিচালনা পর্ষদের সদস্যরা সশরীরে উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন এবং নেপালের প্রতিনিধি শবনাম শিবাকোটি উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি দক্ষিণ এশিয়ার মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে খাদ্য, পশুখাদ্য ও আঁশজাতীয় পণ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত নানা চ্যালেঞ্জ এ অঞ্চলের কৃষি উৎপাদন এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তাকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত আঞ্চলিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি অভিন্ন কৃষি সমস্যার সমাধান এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সার্ক কৃষি কেন্দ্রের ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি ক্রমবর্ধমান জলবায়ুজনিত চ্যালেঞ্জের প্রেক্ষাপটে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি গতিশীল কৃষিব্যবস্থা গড়ে তোলা, টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং আঞ্চলিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান। এ ছাড়া আন্তঃসীমান্ত উদ্ভিদ ও প্রাণীর রোগবালাইসহ অভিন্ন সমস্যাগুলো মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। টেকসই ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে জ্ঞান বিনিময় এবং যৌথ সমাধান উদ্ভাবনে সার্ক কৃষি কেন্দ্রের ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম এবং কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি এবং এসডিএফ) তানভীর আহমেদ তরফদার, যিনি সার্ক মহাসচিবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।
ড. মো. আবদুস সালাম জীববৈচিত্র্যের ক্ষয় এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন কৃষি চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরেন। তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদার, স্বল্প-কার্বন নিঃসরণকারী কৃষি উৎপাদনব্যবস্থা গড়ে তোলা এবং টেকসই কৃষি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
তানভীর আহমেদ তরফদার খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল দক্ষিণ এশিয়া গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি কৃষিজমির ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি উল্লেখ করে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা সুরক্ষায় টেকসই কৃষিচর্চা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব সার্কভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কৃষি সহযোগিতা জোরদারে কেন্দ্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং কৃষিপ্রযুক্তি ও উত্তম কৃষিচর্চার আদান-প্রদানের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। টেকসই কৃষি উন্নয়ন এগিয়ে নেওয়া এবং সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারত্বের গুরুত্বও তিনি তুলে ধরেন।
#



