
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সাবেক পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানাকে নিয়ে জাতীয় কৃষক শক্তির মানববন্ধনে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এগ্রিনিউজ২৪.কম-এর কাছে একটি প্রতিবাদলিপি পাঠিয়েছেন তিনি।
প্রতিবাদলিপিতে ড. নাসরিন সুলতানা দাবি করেন, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিএলআরআই-এর সাভারস্থ প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁকে নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা তাঁর বিরুদ্ধে সম্পন্ন হওয়া বিভাগীয় তদন্তের ফলাফল ও পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্তের আলোকে বিবেচনা করা প্রয়োজন।
তিনি জানান, তাঁর বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলা নং-০১/২০২৬-এর তদন্ত শেষে বিএলআরআই-এর মহাপরিচালক ২ জুলাই ২০২৬ তারিখে জারি করা অফিস আদেশে তাঁকে সংশ্লিষ্ট মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। ওই আদেশে তদন্ত প্রতিবেদনের বরাতে উল্লেখ করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।
ড. নাসরিন সুলতানা তাঁর প্রতিবাদলিপিতে বলেন, মানববন্ধনে তাঁর সম্পর্কে দেওয়া বক্তব্য এগ্রিনিউজ২৪.কম-এর নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশিত হয়নি-এ বিষয়টি তিনি উপলব্ধি করেন এবং গণমাধ্যম হিসেবে জনসমাবেশে দেওয়া বক্তব্য সংবাদ হিসেবে প্রকাশের অধিকারকে সম্মান করেন। তবে তাঁর মতে, সংশ্লিষ্ট তদন্তের ফলাফল ও প্রশাসনিক সিদ্ধান্তের তথ্যও প্রতিবেদনে তুলে ধরা প্রয়োজন, যাতে পাঠকদের মধ্যে অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর ধারণা তৈরি না হয়।
প্রতিবাদলিপিতে তিনি আরও উল্লেখ করেন, তাঁর সম্পর্কে প্রকাশিত বক্তব্যের কারণে ব্যক্তিগত সুনাম, পেশাগত মর্যাদা ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট প্রতিবেদনে প্রয়োজনীয় সংশোধন এনে তদন্তের ফলাফল ও অব্যাহতির আদেশের তথ্য পাঠকদের অবগতির জন্য প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
ড. নাসরিন সুলতানা তাঁর বক্তব্যের সমর্থনে বিএলআরআইয়ের মহাপরিচালকের ২ জুলাই ২০২৬ তারিখের অফিস আদেশের অনুলিপিও এগ্রিনিউজ২৪.কম-এ পাঠিয়েছেন।



