
আসাদুল্লাহ (ফরিদপুর): সরকারি কর্মচারীদের চাকরি বিধিমালা, শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে ১০ম–২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), ফরিদপুরের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ফরিদপুরের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর।
প্রশিক্ষণে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, ছুটি বিধিমালা, ১৯৫৯, সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯, পেনশন সংক্রান্ত বিধিবিধান, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশসহ চাকরিসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণে সরকারি চাকরির বিধিবিধান যথাযথভাবে অনুসরণ, দাপ্তরিক কাজে শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর। কোর্স সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন প্রশিক্ষক মিতা রানী দাস। প্রশিক্ষণ পরিচালনায় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এ ধরনের প্রশিক্ষণ সরকারি কর্মচারীদের চাকরিসংক্রান্ত বিধিবিধান সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং দাপ্তরিক কার্যক্রম আরও দক্ষ, গতিশীল ও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।
প্রশিক্ষণে ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।

