
মো. খোরশেদ আলম জুয়েল: বাংলাদেশের পোল্ট্রি শিল্পে উৎপাদন দক্ষতা বাড়ানো, খাদ্য খরচ কমানো এবং কম সময়ে কাঙ্ক্ষিত ওজনের ব্রয়লার উৎপাদন এখন খামার ব্যবস্থাপনার অন্যতম প্রধান লক্ষ্য। আর এই দক্ষতা পরিমাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত সূচকগুলোর একটি হলো ফিড কনভার্সন রেশিও বা FCR – যেটি দিয়ে এক কেজি ব্রয়লার মুরগী উৎপাদনে কত কেজি খাদ্যের প্রয়োজন হয়, সেটি বুঝায়। সাধারণভাবে FCR যত কম, উৎপাদন দক্ষতা তত বেশি -এমন ধারণাই প্রচলিত। কিন্তু বাস্তবে কি কম FCR মানে আসলেই বেশি লাভ?
পোল্ট্রি উৎপাদনের সাম্প্রতিক কারিগরি বিশ্লেষণ বলছে, বিষয়টি এতটা সরল নয়। পোলট্রি উৎপাদনে FCR অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়; কিন্তু একটি ব্রয়লার খামারের প্রকৃত লাভজনকতা নির্ভর করে উৎপাদনকাল, বাজারজাত ওজন, খাদ্যের দাম, মুরগির স্বাস্থ্য, মৃত্যুহার, মাংসের ফলন, বাজারদর এবং বছরে একটি শেড থেকে কতটি কার্যকর উৎপাদনচক্র নেওয়া যাচ্ছে -এসব বিষয়ের সমন্বিত ফলাফলের ওপর। একই সঙ্গে কম FCR অর্জনের প্রতিযোগিতায় অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় বা রুটিন ব্যবহারের প্রবণতা তৈরি হলে খাদ্যনিরাপত্তা ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মতো বিষয়ও বিবেচনায় নিতে হয়।
গত ৩ অক্টোবর ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ ব্রাঞ্চ (WPSA-BB) আয়োজিত International Technical Seminar 2026-এ এসব তথ্য উঠে আসে থার্ড আই অ্যাগ্রো কনসালটেন্সি হাবের পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলামের ‘The Broiler Production Paradox: Balancing FCR, Genetic Potential, Meat Quality, Profitability, Food Safety, and Sustainability’ শীর্ষক এক কারিগরি উপস্থাপনায়। উল্লেখিত প্রেজেন্টেশনে তিনি বাংলাদেশের ব্রয়লার উৎপাদনের এই বাস্তবতাগুলো বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরেন।

উপস্থাপনায় মূলত দেখানো হয়েছে, আধুনিক ব্রয়লারের জেনেটিক সক্ষমতাকে কাজে লাগিয়ে ভালো FCR অর্জন করা সম্ভব হলেও সেটি শুধু দ্রুত প্রবৃদ্ধির মাধ্যমে নয়; বরং উন্নত পুষ্টি, পানি, বায়োসিকিউরিটি, বায়ুচলাচল, লিটার ব্যবস্থাপনা এবং সঠিক উৎপাদনকাল নিশ্চিত করার মাধ্যমেই টেকসইভাবে অর্জন করা উচিত।
বাংলাদেশের ব্রয়লার শিল্প এরই মধ্যে বড় একটি উৎপাদন খাতে পরিণত হয়েছে। উপস্থাপনায় দেশের বাণিজ্যিক ব্রয়লার খামারের সংখ্যা প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার উল্লেখ করা হয়েছে। এসব খামারের বড় অংশ ৫০০ থেকে ২ হাজার ৫০০ মুরগির ছোট ইউনিট। সাধারণত ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে ব্রয়লার বাজারজাত করা হয় এবং একটি শেডে বছরে প্রায় ১০ থেকে ১২টি উৎপাদনচক্র নেওয়ার সুযোগ থাকে। ২০২৫ সালে দেশে প্রতি মাসে গড়ে প্রায় ৮ কোটি ৭৫ লাখ ব্রয়লার বাচ্চা উৎপাদন এবং প্রায় ১৮ দশমিক ৪ লাখ টন পোল্ট্রি মাংস উৎপাদনের তথ্যও উপস্থাপনায় রয়েছে।
এত বড় শিল্পের ক্ষেত্রে উৎপাদন দক্ষতা বাড়ানোর চেষ্টা স্বাভাবিক এবং প্রয়োজনীয়। কারণ খাদ্যের দাম, জ্বালানি, পরিবহন, শ্রম, কাঁচামালের আন্তর্জাতিক বাজার এবং অন্যান্য ইনপুট ব্যয় বাড়লে খামারের টিকে থাকা অনেকটাই নির্ভর করে প্রতিটি কেজি মাংস কতটা দক্ষতার সঙ্গে উৎপাদন করা যাচ্ছে তার ওপর। তাই FCR উন্নত করার চেষ্টা খামারির জন্য শুধু প্রযুক্তিগত বিষয় নয়, অর্থনৈতিক টিকে থাকারও একটি গুরুত্বপূর্ণ অংশ। গত দুই দশকে এ ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
উপস্থাপনায় বলা হয়েছে, ২০০০-এর সনের শুরুতে ব্রয়লারের FCR প্রায় ১ দশমিক ৮০ থেকে ২ দশমিক ০৫ থাকলেও বর্তমানে অগ্রসর বাণিজ্যিক খামারে তা প্রায় ১ দশমিক ৩০ থেকে ১ দশমিক ৪০-এর মধ্যে নামিয়ে আনা সম্ভব হচ্ছে। সর্বোত্তম ব্যবস্থাপনায় কিছু খামারে ১ দশমিক ৩০-এর নিচেও FCR অর্জনের সম্ভাবনা রয়েছে। গত ২৫ বছরে FCR প্রায় শূন্য দশমিক ৫৫ পয়েন্ট উন্নত হয়েছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এই অগ্রগতির পেছনে শুধু জেনেটিক উন্নয়ন নয়, ফিডের ধরন, ফর্মুলেশন ও বিভিন্ন অ্যাডিটিভেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তবে কম FCR-এর এই সাফল্যকে কীভাবে দেখা হচ্ছে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ একই FCR ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত হতে পারে।
একটি খামারে উন্নত বায়ুচলাচল, সঠিক লিটার ব্যবস্থাপনা, নিরাপদ ও পর্যাপ্ত পানি, উপযুক্ত ফিড ডেনসিটি এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে ভালো FCR অর্জন করা সম্ভব। অন্যদিকে কোথাও কোথাও প্রবৃদ্ধি বাড়ানোর জন্য রুটিন অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারের ওপর নির্ভরতার প্রবণতা থাকতে পারে। বাইরে থেকে দুই ক্ষেত্রের FCR একই দেখা গেলেও উৎপাদনের পদ্ধতি ও দীর্ঘমেয়াদি ফলাফল এক নয়। উপস্থাপনায় এই পার্থক্যটিই বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি—অ্যান্টিবায়োটিক নিজে কোনো ‘খারাপ’ উপাদান নয়। প্রয়োজনীয় রোগের চিকিৎসায় পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার প্রাণিস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। প্রশ্নটি হচ্ছে, প্রয়োজনীয় চিকিৎসার বাইরে অ্যান্টিমাইক্রোবিয়ালকে নিয়মিত উৎপাদন-সহায়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না এবং ব্যবহারের পর নির্ধারিত প্রত্যাহারকাল (withdrawal period) যথাযথভাবে মানা হচ্ছে কি না।
কারণ চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থাপনায় বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কয়েক দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত withdrawal period-এর উদাহরণ দেওয়া হয়েছে। বিশেষ করে উৎপাদনচক্র খুব ছোট হলে শেষ পর্যায়ের চিকিৎসার পর নির্ধারিত withdrawal period মেনে বাজারজাত করা ব্যবস্থাপনাগতভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
অন্যদিকে, কম FCR-এর অর্থনৈতিক সুবিধা নিয়েও নতুন করে ভাবার সুযোগ রয়েছে। একটি মুরগী কত দিনে কত কেজি ওজন হলো এবং সেই সময়ে তার FCR কত -এই দুটি তথ্য গুরুত্বপূর্ণ হলেও একটি শেডের পুরো বছরের আয়-ব্যয়ের হিসাবের জন্য তা যথেষ্ট নয়।
উপস্থাপনায় চারটি উৎপাদন পরিস্থিতির তুলনা করে বিষয়টি দেখানো হয়েছে। এর মধ্যে একটি ক্ষেত্রে ২৮ দিনে ১ দশমিক ৯০ কেজি ওজনের ব্রয়লার ১ দশমিক ৩০ FCR-এ বাজারজাত করা হয়েছে। সেখানে প্রতি কেজিতে লাভ ধরা হয়েছে ৭ দশমিক ৩ টাকা এবং বছরে ৯ দশমিক ৬টি উৎপাদনচক্রের সুযোগ পাওয়া যায়। অন্যদিকে ৩৬ দিনে ২ দশমিক ৩৫ কেজি ওজনের ব্রয়লারের FCR ১ দশমিক ৪০ হলেও প্রতি কেজিতে লাভ ৯ দশমিক ৯ টাকা এবং বছরে ৭ দশমিক ৯টি উৎপাদনচক্র পাওয়া যায়। উপস্থাপনার হিসাব অনুযায়ী, প্রথমটির বার্ষিক রিটার্ন স্কোর ৭১ হলেও দ্বিতীয়টির স্কোর ৭৯।
অর্থাৎ FCR কিছুটা বেশি হলেও বড় ওজনের মুরগী এবং তুলনামূলক দীর্ঘ উৎপাদনকাল একটি শেড থেকে বার্ষিকভাবে বেশি রিটার্ন দিতে পারে। এখানেই বোঝা যায়, ‘সর্বনিম্ন FCR’ এবং ‘সর্বোচ্চ লাভ’ সবসময় একই বিষয় নয়।
বরং একজন খামারির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত -একটি ব্যাচে কত লাভ হলো, তার পাশাপাশি একটি শেড সারা বছরে কত আয় করছে; প্রতি কেজি মাংসে মোট উৎপাদন ব্যয় কত; মুরগির মৃত্যুহার কেমন; বাজারজাত ওজন কত; এবং উৎপাদিত মাংসের গুণমান ও বাজারদর কেমন।
এই বাস্তবতায় অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরতা কমানোর অর্থ উৎপাদন দক্ষতা কমিয়ে দেওয়া নয়। বরং লক্ষ্য হওয়া উচিত এমন একটি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা শক্তিশালী থাকবে এবং প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন কমবে।
এ জন্য পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থাপনায় সঠিক শক্তি ও প্রোটিনের পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড, মিনারেল, ফাইবার, মাইকোটক্সিন নিয়ন্ত্রণ এবং পানির মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রুটিন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারের পরিবর্তে প্রোবায়োটিক, প্রিবায়োটিক, অর্গানিক অ্যাসিড ও এনজাইমের মতো গাট-হেলথ টুল ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে।
তবে শুধু ফিডের ফর্মুলেশন পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। ভালো বাচ্চা, সঠিক ব্রুডিং, পর্যাপ্ত ও নিরাপদ পানি, কার্যকর বায়োসিকিউরিটি, উপযুক্ত স্টকিং ডেনসিটি, সঠিক বায়ুচলাচল, শুকনো লিটার এবং সময়মতো রোগ শনাক্তকরণ -সবকিছুর সমন্বয় প্রয়োজন। একইসঙ্গে FCR অর্জনের ক্ষেত্রে মুরগীর পরিবেশ ও ব্যবস্থাপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের আবহাওয়াও এ ক্ষেত্রে একটি বড় বাস্তবতা। গরম ও আর্দ্র পরিবেশে মুরগীর খাদ্য গ্রহণ কমে যেতে পারে, পানির প্রয়োজন বাড়ে এবং ব্যবস্থাপনার সামান্য দুর্বলতাও উৎপাদন দক্ষতায় প্রভাব ফেলতে পারে। আবার বর্ষায় আর্দ্রতা ও মাইকোটক্সিনের ঝুঁকি এবং শীতকালে তাপমাত্রাজনিত ব্যবস্থাপনার প্রয়োজন ভিন্ন। ফলে সারা বছর একই ধরনের ফিড ও ব্যবস্থাপনা অনুসরণ না করে মৌসুমভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খামারের আকার ও উৎপাদন ব্যবস্থার বৈচিত্র্য। দেশের অধিকাংশ খামারি ছোট পরিসরে কাজ করেন এবং তাদের পক্ষে পরিবেশ নিয়ন্ত্রিত শেড, উন্নত যন্ত্রপাতি বা নিয়মিত ল্যাবরেটরি পরীক্ষা করা সবসময় সহজ নয়। তাই অ্যান্টিবায়োটিক ব্যবহার কমানোর উদ্যোগ সফল করতে হলে শুধু খামারিকে নির্দেশ দিলেই হবে না; প্রয়োজন হবে সহজলভ্য প্রযুক্তি, প্রশিক্ষণ, পশুচিকিৎসা সহায়তা, মানসম্মত ফিড ও বাচ্চা এবং বাস্তবসম্মত উৎপাদন ব্যবস্থাপনা।
চুক্তিভিত্তিক ও ইন্টিগ্রেটেড ফার্মিং এ ক্ষেত্রে একটি কার্যকর কাঠামো হতে পারে। উপস্থাপনায় বলা হয়েছে, বর্তমানে মোট ব্রয়লার বাচ্চা উৎপাদনের প্রায় ১৭ শতাংশ চুক্তিভিত্তিক বা ইন্টিগ্রেটেড ব্যবস্থার আওতায় রয়েছে, যেখানে খাদ্য, ওষুধ ও উৎপাদন রেকর্ড তুলনামূলকভাবে বেশি নিয়ন্ত্রিত ও ট্রেসেবল। এই ব্যবস্থার পরিধি বাড়লে উৎপাদনমান, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে আরও সমন্বিত নজরদারি সম্ভব হতে পারে।
তবে এ পরিবর্তনের পুরো দায় খামারি বা শিল্পের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। নিরাপদ পোল্ট্রি উৎপাদন একটি যৌথ দায়িত্ব। খামারিকে যেমন দায়িত্বশীল ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে, তেমনি ফিড কোম্পানি, হ্যাচারি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ভেটেরিনারি পেশাজীবী, প্রসেসর, বাজারব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকেও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।
ভোক্তার জন্যও বিষয়টি আতঙ্কের নয়, বরং সচেতনতার। পোল্ট্রি মাংস বাংলাদেশের মানুষের জন্য সহজলভ্য ও গুরুত্বপূর্ণ প্রাণিজ প্রোটিনের একটি উৎস। তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারের আলোচনা এমনভাবে করা উচিত নয়, যাতে পুরো পোল্ট্রি শিল্প বা নিরাপদভাবে উৎপাদন করা অসংখ্য খামারি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। বরং লক্ষ্য হওয়া উচিত -প্রয়োজনীয় চিকিৎসা যেন যথাযথভাবে হয়, অপ্রয়োজনীয় ব্যবহার যেন কমে এবং চিকিৎসার পর নির্ধারিত প্রত্যাহারকাল কঠোরভাবে অনুসরণ করা হয়।
একইভাবে, খামারির দৃষ্টিকোণ থেকেও FCR কমানো কোনো ভুল লক্ষ্য নয়। বরং খাদ্যের অপচয় কমানো, উৎপাদন দক্ষতা বাড়ানো এবং খামারের খরচ নিয়ন্ত্রণে FCR উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু FCR-কে একমাত্র সাফল্যের মাপকাঠি বানানোই সমস্যার জায়গা। ভালো FCR-এর সঙ্গে ভালো স্বাস্থ্য, কম মৃত্যুহার, সঠিক বাজারজাত ওজন, উন্নত মাংসের ফলন, নিরাপদ খাদ্য এবং দীর্ঘমেয়াদি লাভজনকতাকেও একই গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশের পোল্ট্রি শিল্প এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে, যেখানে পরবর্তী অগ্রগতির লক্ষ্য হওয়া উচিত শুধু ‘আরও দ্রুত’ বা ‘আরও কম FCR’ নয়; বরং আরও দক্ষ, আরও নিরাপদ এবং আরও টেকসই উৎপাদন। আধুনিক ব্রয়লারের জেনেটিক সম্ভাবনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। এখন সেই সম্ভাবনাকে সঠিক পুষ্টি, ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে কাজে লাগানোর সময়।
শেষ পর্যন্ত প্রশ্নটি তাই শুধু – ‘FCR কত?’ – এতে সীমাবদ্ধ নয়। বরং প্রশ্ন হওয়া উচিত, কীভাবে সেই FCR অর্জিত হলো, তার প্রকৃত উৎপাদন খরচ কত, খামারি কতটা লাভবান হলেন, মুরগি কতটা সুস্থ ছিল এবং ভোক্তার জন্য উৎপাদিত মাংস কতটা নিরাপদ?
পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ সম্ভবত এই ভারসাম্যের মধ্যেই। FCR কমানো দরকার, কিন্তু যে কোনো মূল্যে নয়; অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে ব্যবহার করতে হবে, তবে দায়িত্বশীলভাবে। আর এই দুইয়ের মধ্যে সঠিক সমন্বয়ই পারে বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে আরও দক্ষ, লাভজনক, নিরাপদ ও টেকসই পথে এগিয়ে নিতে।



