
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বিশেষায়িত অনলাইন সংবাদমাধ্যম এগ্রিনিউজ২৪.কম আন্তর্জাতিক পরিমণ্ডলে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এশিয়ার অন্যতম বৃহৎ প্রাণিসম্পদ, পোল্ট্রি, মৎস্য ও কৃষিভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘আইএলডেক্স ইন্দোনেশিয়া ২০২৬’ (ILDEX Indonesia 2026) এবং ‘আইএলডেক্স ফিলিপাইনস ২০২৬’ (ILDEX Philippines 2026)-এর অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এগ্রিনিউজ২৪.কম।
এ উপলক্ষে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনকারী প্রতিষ্ঠান ভিএনইউ এক্সিবিশনস এশিয়া প্যাসিফিক কোম্পানি লিমিটেড (VNU Exhibitions Asia Pacific Co., Ltd.)-এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মি. সুপানাত ত্রিরাতপিচার্ন (Mr. Supanat Treeratpicharn) এবং এগ্রিনিউজ২৪.কম-এর সম্পাদক ও প্রকাশক মো. খোরশেদ আলমের মধ্যে আনুষ্ঠানিক মিডিয়া পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক প্রদর্শনী দুটির বাংলাদেশভিত্তিক গণমাধ্যম সহযোগী হিসেবে কাজ করবে এগ্রিনিউজ২৪.কম।
এই অংশীদারিত্বের আওতায় বাংলাদেশের প্রাণিসম্পদ, পোল্ট্রি, মৎস্য, ফিড ও কৃষিভিত্তিক ব্যবসা খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের কাছে আইএলডেক্সের বিভিন্ন কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন, আন্তর্জাতিক বাণিজ্যিক সুযোগ, বাজার প্রবণতা এবং শিল্পখাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হবে।
চুক্তির অংশ হিসেবে এগ্রিনিউজ২৪.কম-এর মাধ্যমে প্রদর্শনী সংশ্লিষ্ট সংবাদ, বিশেষ প্রতিবেদন, বিশ্লেষণধর্মী ফিচার, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন, ব্যবসায়িক সম্ভাবনা এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও শিল্পনেতাদের সাক্ষাৎকারভিত্তিক কনটেন্ট নিয়মিত প্রকাশ করা হবে।
ইতোমধ্যে ভিএনইউ এক্সিবিশনস এশিয়া প্যাসিফিকের (VNU Exhibitions Asia Pacific Co., Ltd.) পক্ষ থেকে স্বাক্ষরিত চুক্তিপত্র এগ্রিনিউজ২৪.কম-এর কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠান তাদের আন্তর্জাতিক ইভেন্ট ওয়েবসাইটে এগ্রিনিউজ২৪.কম-এর অফিসিয়াল লোগো প্রদর্শনের উদ্যোগ নিয়েছে, যা এই সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এগ্রিনিউজ২৪.কম-এর সম্পাদক ও প্রকাশক মো. খোরশেদ আলম বলেন, “আমরা এই সহযোগিতাকে শুধুমাত্র একটি স্বল্পমেয়াদি মিডিয়া পার্টনারশিপ হিসেবে দেখছি না; বরং এটি আন্তর্জাতিক কৃষি ও প্রাণিসম্পদ শিল্পখাতে দীর্ঘমেয়াদি ও কার্যকর পেশাগত সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করছি। বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের অংশীজনদের কাছে আন্তর্জাতিক বাজার, আধুনিক প্রযুক্তি এবং বৈশ্বিক ব্যবসায়িক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে এগ্রিনিউজ২৪.কম সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, “আইএলডেক্স ইন্দোনেশিয়া ২০২৬ (ILDEX Indonesia 2026) এবং আইএলডেক্স ফিলিপাইনস ২০২৬ (ILDEX Philippines 2026)-এর প্রচার ও সংবাদ কাভারেজে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। আমরা বিশ্বাস করি, এই সফল সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারিত্বের পথ সুগম করবে।”
উল্লেখ্য, আইএলডেক্স (ILDEX) সিরিজ এশিয়ার প্রাণিসম্পদ, পোল্ট্রি, মৎস্য, ডেইরি, ফিড ও কৃষিভিত্তিক শিল্পখাতের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী হিসেবে সুপরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্ভাবক, শিল্পনেতা, গবেষক এবং বিনিয়োগকারীরা এসব প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং নতুন বাজার সম্ভাবনা অনুসন্ধানের সুযোগ পেয়ে থাকেন।



