
রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে সারের কোনো সংকট নেই। রাজশাহীতে আমন ধানে উপরি প্রয়োগের জন্য কৃষকদের চাহিদা মেটাতে সরকারি গুদামে প্রয়োজনীয় ইউরিয়া ও নন-ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী।
বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে যে পরিমাণ সার মজুত আছে, তা জেলার মাসিক চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি। সার নিয়ে বাইরে ছড়ানো সংকটের খবরকে তিনি বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন। তিনি কৃষকদের সার নিয়ে আতঙ্কিত না হয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসন্ন আমন ও বোরো মৌসুম সামনে রেখে সারের মজুত পরিস্থিতি দেখতে নগরীর নওদাপাড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার গুদাম পরিদর্শনে তিনি এসব কথা বলেন। বিসিআইসির বাফার গুদামে বর্তমানে ৯ হাজার ৮০৪ টন ইউরিয়া, ৪৩০ টন টিএসপি ও ৮৫ দশমিক ৫ টন ডিএপি সার মজুত রয়েছে। অন্যদিকে বিএডিসির গুদামে রয়েছে ৬ হাজার ৩১২ টন টিএসপি, ৮০১ টন এমওপি ও ৪ হাজার ৩৪৮ টন ডিএপি সার। চলতি মাসে টিএসপি সারের বরাদ্দ ১ হাজার ৪৫ মেট্রিক টন। এর বিপরীতে গুদামে মজুত রয়েছে প্রায় ৬ হাজার ৩০০ মেট্রিক টন। একইভাবে চলতি মাসে জেলার জন্য ইউরিয়া সারের বরাদ্দ ৫ হাজার ৭শ মেট্রিক টন হলেও একটি গুদামেই প্রায় ১০ হাজার টন ইউরিয়া মজুত রয়েছে।
কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিমাণ সার সরকারের কাছে মজুত রয়েছে। তাই তিনি সার নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান ।
এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন।



