
পাবনা সংবাদদাতা: (২৪ আগস্ট) সোমবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সম্মেলন কক্ষে কৃষি বিপণন অধিদপ্তর বগুড়ার আয়োজনে কৃষি উদ্যোক্তার মাঝে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া’র জেলা প্রশাসক ও জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ তৌফিকুর রহমান।
এ সময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের কৃষিতে বগুড়া জেলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য উৎপাদন, নতুন জাত উদ্ভাবন এবং কৃষি যন্ত্রাংশ তৈরিতে এ জেলা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জেলায় ধান, আলু, পাট, ভূট্টা, মরিচ ও বিভিন্ন ধরনের সবজি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এখানে অনেক রপ্তানিযোগ্য কৃষি পণ্যের সমাহার রয়েছে। এগুলোকে প্রক্রিয়াজাত করে রপ্তানিযোগ্য করতে পারলে বৈদেশিক মূদ্রা আয় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি কৃষি বিপণন অধিদপ্তরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও প্রান্তিক পর্যায়ের গ্রামীণ উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন। কৃষি উদ্যোক্তাদের উদ্দেশ্যে আরো বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে প্রণোদনার মাধ্যমে পাওয়া যন্ত্রপাতির সদব্যবহার করতে হবে, যাতে নিজেদের অবস্থার পরিবর্তন ঘটে। তাদের হাত যেন বগুড়ায় নতুন নতুন উদ্যোক্তার সৃষ্ঠি হয়।
জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মোরশেদ আল মাহমুদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া’র উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট বগুড়া’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ আহসান রেজা চৌধুরী, তুলা উন্নয়ন বোর্ড বগুড়া’র প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. নাছরীন পারভীন ও এনামুল হক সুমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক ও অন্যান্য কর্মচারী, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাই ফ্রুটস প্রক্রিয়াজাতকারী উদ্যোক্তাদের ০১টি করে ডিহাইড্রেটর (ইলেক্ট্রিক ড্রাইয়ার) মেশিন এবং ন্যাচারাল ডাই ও ফুড কালার প্রক্রিয়াজাতকারী উদ্যোক্তাদের ০১টি ব্লেন্ডার, ০১টি ইলেক্ট্রিক চুলা ও ০১টি স্টিম মেশিন বিতরণ করা হয়।



