
নাটোর সংবাদদাতা: গত বুধবার (০২ সেপ্টেম্বর ) সকাল ১০ ঘটিকায় নাটোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সম্মেলন কক্ষে রবি ২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুল ইসলাস খান।
এতে জেলার বিভিন্ন উপজেলার কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, সরকারি-বেসরকারি কৃষি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা এবং অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন।
সভায় উল্লিখিত জেলার রবি মৌসুমের কর্মপরিকল্পনার উপস্থাপনা ও বিস্তারিত বিশ্লেষণ আলোচনা করা হয়। এতে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট রাজশাহী, বিএডিসি সেচ নাটোর, বিএমডিএ নাটোর, তুলা উন্নয়ন র্বোড রাজশাহী, কৃষি বিপণন অধিদপ্তর, নাটোর বীজ ডিলার এসোসিয়েশন নাটোর এবং কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকৌশল ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ উপপরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুল ইসলাম খান বলেন, “নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদনের মাধ্যমে জমির অপচয় রোধ, বাজার নিয়ন্ত্রণ ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে অধিক ফলনশীল, রোগবালাই প্রতিরোধী ও উন্নত জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে, যাতে কৃষক-কৃষাণীরা এসব জাত চাষ করে লাভবান হতে পারেন। গবেষণা ও বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে রবি মৌসুমের বীজ ধান, গম, ভুট্টা, আঁখ, ডাল, তেলবীজ, পেঁয়াজ ও সরিষাসহ অন্যান্য বীজগুলো সঠিক সময় সরবরাহ কারার অনুরোধ করেন”।
তিনি আরো বলেন, উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ এলাকায় সার সিন্ডিকেট ঠেকাতে ও ফসলভিত্তিক বাস্তবতা বিবেচনা করে কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। সভায় খাদ্য উৎপাদন, বিপণন ও কৃষির সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়।
সংবাদ সংগ্রহে: মোছাঃ সুমনা আক্তারী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, রাজশাহী।



