
পাবনা সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, বগুড়া’র আয়োজনে খরিপ ২/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০ ঘটিকায় খামারবাড়িস্থ সম্মেলন কক্ষ মাধবীলতায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া’র উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ।
অনুষ্ঠান সঞ্চালনা ও জেলার বর্তমান কৃষির উল্লেখযোগ্য কার্যক্রগুলো উপস্থাপন করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম। সভায় বিগত খরিপ ১/২০২৬-২৭ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও দৃঢ়করণ করা হয়। সভায় আলোচকবৃন্দ বলেন, বগুড়া একটি অত্যন্ত কৃষি সমৃদ্ধ জেলা। বগুড়া জেলা খাদ্যশস্য, আলু এবং সবজি উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ ও সমৃদ্ধ একটি অঞ্চল। এখানকার অর্থনীতি ও কর্মসংস্থানে কৃষির অবদান সবচেয়ে বেশি। পরিকল্পিত ফসল চাষাবাদ এবং কৃষি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বয়ের ফলেই এটি সম্ভব হয়েছে। এছাড়াও সভায় সমসাময়িক কৃষি, খরিপ-২ মৌসুমে আবাদযোগ্য ফসল, প্রযুক্তি, জাত, প্রতিষ্ঠানভিত্তিক উদ্ভাবিত লাগসই প্রযুক্তিসমূহ উপস্থাপন, কৃষক কার্ডের ১০০ ভাগ সঠিকভাবে তথ্য সংগ্রহ, কার্যক্রম বাস্তবায়নে গবেষণা প্রতিষ্ঠানকে সকলের সাথে সমন্বয় সাধন, মৃত্তিকা নমুনার সকল পরীক্ষা বগুড়া কার্যালয়ে সম্পন্ন করা, চলতি মৌসুমে সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং, কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষিকথা ম্যাগাজিনে লেখা প্রেরণ এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি, দন্ডায়মান মাঠ ফসলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ প্রদানে কর্মপরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া’র জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এসসিএ, বিএসআরআই, বিএডিসি, বিজেআরআই, এসআরডিআই, মসলা গবেষণা কেন্দ্র, তুলা উন্নয়ন বোর্ড, বারি(ওএফআরডি), ব্রি, বিনা, আঞ্চলিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপনন অধিদপ্তর, বিসিআইসি সার, কীটনাশক ও বীজ ডিলার প্রতিনিধি, কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।



