
রাজশাহী সংবাদদাতা: কৃষকদের জন্য সরকারি কৃষিসেবা আরও সহজ ও কার্যকর করতে ২য় পর্যায়ের ‘কৃষক স্মার্ট কার্ড’ কার্যক্রমের আওতায় রাজশাহী কৃষি অঞ্চলে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গত পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধনের পর প্রথমবারের মত মাঠপর্যায়ে কৃষকদের তথ্য নিবন্ধনের কাজ শুরু হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী কৃষি অঞ্চলের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ এই চার জেলার ৩২টি উপজেলার একটি করে কৃসি ব্লকে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের প্রয়োজনীয় তথ্য নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কার্যক্রমে কৃষকের পরিচয়, জমি ও কৃষি কার্যক্রম সম্পর্কিত তথ্য যাচাই করে ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতেই পর্যায়ক্রমে কৃষক স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এর ফলে ভবিষ্যতে বিভিন্ন কৃষি প্রণোদনা, সরকারি সহায়তা ও অন্যান্য কৃষিসেবা দ্রুত এবং সহজভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সময়মত কার্যক্রম সম্পন্ন করার জন্য আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষি কার্ডের তথ্য যথা সময়ে নির্ভুল ভাবে সম্পূর্ণ করার জন্য এর তদারকি করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান। তিনি বলেন, সরকারের এ উদ্যোগের লক্ষ্য হলো প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ডিজিটাল পরিচয় নিশ্চিত করা। তার মতে, কৃষক স্মার্ট কার্ড কার্যক্রম দেশের কৃষি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কৃষকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



