
গাজীপুর সংবাদদাতা: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উচ্চফলনশীল ধানের জাত ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-কে ‘ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ হিসেবে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংকটির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি বা রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। গত ৫ জুলাই রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে ব্রির পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সম্পাদক ইনাম আহমেদসহ ব্যাংকের গ্রাহক, শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব্রি দেশের কৃষি গবেষণার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে উচ্চফলনশীল, জলবায়ু সহনশীল ও পুষ্টিসমৃদ্ধ ধানের জাত এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তি ও জাত মাঠপর্যায়ে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য উৎপাদন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য অবদান রাখছে।
বর্তমানে ব্রি ১০টি হাইব্রিডসহ মোট ১২৭টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে রয়েছে লবণাক্ততা, খরা, বন্যা ও জলাবদ্ধতাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণসম্পন্ন একাধিক জাত, যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কৃষি গবেষণায় ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে ব্র্যাক ব্যাংকের এ সম্মাননাকে ব্রির গবেষণা কার্যক্রমের প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।



