
রাঙ্গামাটি সংবাদদাতা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” এর আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব নাসির উদ্দিন চৌধুরী। তিনি কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষি কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলার কৃষি অফিসার জনাব মো. শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন নিশ্চিত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের আয়োজন কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, পৌর বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জামায়াতের উপজেলা আমির, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব প্রতীতি পিয়া। তিনি বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কংগ্রেস কৃষকদের মাঝে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে কৃষকদের বিভিন্ন সফলতা, আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিবান্ধব কৃষি চর্চা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া অংশগ্রহণকারী কৃষকদের মাঝে অভিজ্ঞতা বিনিময় ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



