
বিশেষ সংবাদদাতা: হবিগঞ্জ সদর উপজেলায় ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের কৃষিকে নিরাপদ, আধুনিক ও টেকসই ধারায় রূপান্তরের লক্ষ্যে এ আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
আজ ৬ মে (বুধবার) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ আনোয়ারুল হক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ.কে.এম. মাকসুদুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক, প্রডাক্ট ম্যানেজার (বীজ আলু)। কর্মশালাটি সঞ্চালনা করেন হবিগঞ্জ রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার আনিছুর রহমান।

মোট ৭৯ জন অংশগ্রহণকারী—যাদের মধ্যে বীজ ডিলার, রিটেইলার ও নার্সারি মালিকরা অন্তর্ভুক্ত—সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন, যা কর্মশালাকে আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ করে তোলে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উত্তম কৃষি চর্চা (GAP) সম্প্রসারণের মাধ্যমে বিষমুক্ত খাদ্য উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই।
বিশেষ অতিথি আধুনিক কৃষি প্রযুক্তি, বায়োপেস্টিসাইড এবং সুষম সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং সচেতনতা তৈরিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও অগ্রাধিকার।

প্রধান আলোচক তার বক্তব্যে ব্র্যাক সীডের গবেষণাভিত্তিক উন্নত জাত, গুণগতমানসম্পন্ন বীজ উৎপাদন এবং কৃষকের দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, উৎপাদন ব্যয় হ্রাস ও অধিক ফলন নিশ্চিত করতে মানসম্পন্ন বীজ এবং উত্তম কৃষি পদ্ধতির সমন্বয় অপরিহার্য।
আরএসএম আনিছুর রহমান আমন মৌসুমকে কেন্দ্র করে স্বল্প জীবন কালের হাইব্রিড ধানের সম্ভাবনা তুলে ধরেন এবং বিশেষভাবে ‘ব্র্যাক হাইব্রিড ধান-১০’ জাতের উচ্চ ফলনশীলতা, রোগ সহনশীলতা ও বাজার গ্রহণযোগ্যতার দিকগুলো স্বচিত্র উপস্থাপনার মাধ্যমে ব্যাখ্যা করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বাজার চাহিদা, উৎপাদন ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রযুক্তি গ্রহণে প্রতিবন্ধকতা নিয়ে মতবিনিময় করেন। এ ধরনের সংলাপ ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি মো. আতাউর রহমান, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, তার সমাপনী বক্তব্যে বলেন, কৃষকদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থার বিস্তারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।



