
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা সদর উপজেলায় ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ উপকরণ বিতরণ করা হয়। আজ (২৭ এপ্রিল) কর্মসূচির উদ্বোধন করেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ শৈলেন কুমার পাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাবনা সদরের সাবেক সভাপতি এ কে এম মূসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাহাবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম এবং উপজেলা সমবায় অফিসার মো. রবিউল আলম।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের প্রি-পাইলটিং শুরু হয়েছে, যার মাধ্যমে কৃষকদের জন্য ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রশিক্ষণ এবং কৃষিঋণের সুবিধা নিশ্চিত করা হবে। তারা আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই প্রত্যয়ে সরকার কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। এ উপকরণ সঠিকভাবে ব্যবহার করে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, পাবনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৮ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি ব্রি ধান-৯৮ জাতের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



