
নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠি সদর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে সোমবার (২০ এপ্রিল) কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ। এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকারের এই ধরনের প্রণোদনা কার্যক্রম ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। তাই সরকার হতে বিনামূল্যে প্রাপ্ত এই বীজ ও সারের সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য তিনি কৃষকদের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য অফিসার সাইয়্যেদা এবং অতিরিক্ত কৃষি অফিসার খাদিজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল আলম জোমাদ্দার, পিআইও মো. রফিকুল ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরের খরিফ-১ মৌসুমের জন্য ওই উপজেলার ২ হাজার ৫ শ’ ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি হারে উচ্চফলনশীল আউশ ধানের বীজ দেওয়া হবে। এর পাশাপাশি তারা ডিএপি এবং এমওপি সার পাবেন ১০ কেজি করে। অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ ২ শতাধিক কৃষাণ-কিষাণী উপস্থিত ছিলেন।



