
নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ, জলবায়ু অভিযোজনসহ বিভন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
শুরুতে কৃষি মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর দাঁড়িয়ে আছে। এ দেশের মাটি উর্বরতার দিক দিয়ে অনেক ভালো, সারা বছরই কোন না কোন ফসল ফলে। নেদারল্যান্ডেও ব্যাপক আকারে চাষাবাদ হয়। কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।
মন্ত্রীর দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিশেষ করে পোল্ট্রি খাত নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, বেসরকারি পর্যায়ে রপ্তানিমূখী যে কোন উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানাবে। দেশের বিস্তৃর্ণ চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ণ চাষাবাদ করার পরিকল্পনা আছে বলে মন্ত্রী রাষ্ট্রদূতকে জানিয়ে বলেন, নেদারল্যান্ডের যে কোন বেসরকারি প্রতিষ্ঠান দেশের প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করতে চাইলে বাংলাদেশ স্বাগত জানাবে।
রাষ্ট্রদূত বলেন, নেদারল্যান্ড বাংলাদেশের ন্যায় একটি ডেল্টা। এদেশের কৃষিখাতে বিশেষ করে উন্নত বীজ, কোল্ড চেইন, হর্টিকালচার, একুয়াকালচার খাতে তাঁর দেশ কাজ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত জোরিস জানান। রাষ্ট্রদূত গ্রীণ হাউস প্রযুক্তিসহ কৃষি সুশ্লিষ্ট বিভন্ন মান নিয়ন্ত্রণ ও প্রটোকল সুবিধায় বাংলাদেশকে সহযোগিতায় তাঁর দেশের আগ্রহের কথা জানান।



