
মো. গোলাম আরিফ (পাবনা) : প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশখা, মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল জেলায় সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত “কৃষক কার্ড” কার্যক্রমের প্রি-পাইলটিং উদ্বোধন ও কৃষকদের মাঝে বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চ বিদ্যালয় মাঠে একই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামানিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। তিনি যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন। “কৃষক কার্ড” বিতরণের মাধ্যমে আরেকটি অঙ্গীকার বাস্তবে রূপ পেল। তিনি উল্লেখ করেন, বগুড়া একটি উদ্বৃত্ত ফসল উৎপাদনকারী জেলা এবং শিবগঞ্জ উপজেলা একাই প্রায় ৭০০ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে।
তিনি আরও বলেন, “কৃষক কার্ড” চালুর মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারের ১০টি সেবা—প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা সরাসরি পাবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কার্ডপ্রাপ্ত কৃষকরা জানান, কৃষি তাদের আদি পেশা হলেও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের কাজ করতে হয় এবং অনেক সময় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। “কৃষক কার্ড” প্রাপ্তির মাধ্যমে তারা রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন বলে মনে করেন। এর মাধ্যমে ভর্তুকি, প্রশিক্ষণ, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণ পাওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা তাদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ জোগাবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলার উথলি ব্লকের মোট ৩ হাজার ১৪৭ জন কৃষকের মাঝে প্রি-পাইলটিং পর্যায়ে আনুষ্ঠানিকভাবে “কৃষক কার্ড” বিতরণ করা হয়।



