
গাজীপুর সংবাদদাতা : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) এর প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘ব্রির অগ্রগতি ও অর্জন’ শীর্ষক কর্মশালা এবং ব্রি বিজ্ঞানীদের দুই মাসব্যাপি আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান সোমবার (৩০ মার্চ) গাজীপুরস্থ সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালা এবং প্রশিক্ষণের উদ্বোধন করেন। ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএসসি’র সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ বিশেষ করে ব্রির বিজ্ঞানীরা নিরলস কাজ করে চলেছেন। উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে তারাই মূলত দেশের কৃষি খাতকে বাঁচিয়ে রেখেছেন। তবে গবেষণা থেকে প্রাপ্য ফলাফল সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। তাহলেই একজন বিজ্ঞানীর গবেষণা কর্ম সার্থক হবে। আবার কর্মক্ষেত্রে প্রাপ্য সুযোগ-সুবিধার অভাবে এসব বিজ্ঞানীদের অনেকেই দেশের বাইরে চলে যাচ্ছে। তাই মেধার এ অপচয় রোধে তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশের কৃষি খাতের উন্নয়নে খুবই আন্তরিক। ক্ষমতা গ্রহণের পরপরই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের মাধ্যমে তিনি এর প্রমাণ রেখেছেন। দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান যেসব সমস্যা রয়েছে তা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আমি আশা করি বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং একই সাথে তিনি আশা প্রকাশ করেন নতুন বিজ্ঞানীরা দুই মাসব্যাপি এই প্রশিক্ষণ থেকে আধুনিক ধান উৎপাদন বিষয়ে সম্যক ধারণা লাভ করবে। উদ্বোধন অনুষ্ঠানের আগে বিপিএসসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ ব্রির সি-ফোর ল্যাব, কেন্দ্রীয় গবেষণাগার এবং জিন ব্যাংক পরিদর্শন করেন।
ক্যাপশন: দুই মাসব্যাপি আধুনিক ধান উৎপাদন বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্রির বিজ্ঞানীদের সাথে ফটোসেশনে বিপিএসসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ, ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।



