
নিজস্ব প্রতিবেদক: ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ড্রাইল্যান্ড কংগ্রেস-২০২৬-এ বাংলাদেশের কৃষি গবেষণার গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। ফসল উন্নয়ন ও উৎপাদন প্রযুক্তি বিভাগে মর্যাদাপূর্ণ ISSCA Global Award 2026 পেয়েছে বারির উদ্ভাবিত উন্নত চিনাবাদামের জাত ‘বারি চিনাবাদাম-৯’।
দ্য International Crops Research Institute for the Semi-Arid Tropics (ICRISAT) এবং The Centre of Excellence for South-South Cooperation in Agriculture (ISSCA) আয়োজিত ড্রাইল্যান্ড কংগ্রেস-২০২৬-এ এ পুরস্কার প্রদান করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন, প্রতিকূল পরিবেশে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে বারি চিনাবাদাম-৯-কে এ আন্তর্জাতিক সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।
গ্লোবাল সাউথের বিভিন্ন উন্নয়নশীল দেশের প্রতিযোগিতামূলক মনোনয়নের মধ্য থেকে বারি চিনাবাদাম-৯-কে নির্বাচন করা হয়। প্রতিকূল পরিবেশ সহ্য করার সক্ষমতাসম্পন্ন এ জাতটি কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার এবং শুষ্ক অঞ্চলের কৃষকদের জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ISSCA Global Awards মূলত এমন প্রমাণিত কৃষি উদ্ভাবনকে স্বীকৃতি দেয়, যেগুলোর ব্যাপকভাবে গ্রহণের সম্ভাবনা রয়েছে এবং যেগুলো অন্যান্য উন্নয়নশীল দেশেও প্রয়োগ করা যেতে পারে। এ বিবেচনায় বারি চিনাবাদাম-৯ শুধু বাংলাদেশের কৃষকদের জন্য একটি কার্যকর উদ্ভাবন নয়, বরং জলবায়ু ও মাটির প্রতিকূলতার মুখোমুখি প্রান্তিক কৃষকদের জন্য বিজ্ঞানভিত্তিক ও বাস্তবসম্মত সমাধানের একটি উদাহরণ হিসেবেও বিবেচিত হয়েছে।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির বলেন, “এই পুরস্কার আমাদের গবেষণার উৎকর্ষতার প্রতীক। বারি চিনাবাদাম-৯ প্রমাণ করেছে, স্থানীয় চাহিদা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত কৃষি গবেষণা শুষ্ক অঞ্চলের উৎপাদনশীলতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষক সমাজকে আরও শক্তিশালী করতে আমরা উদ্ভাবনী প্রযুক্তি ও উন্নত ফসলের জাত উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ।”
এ আন্তর্জাতিক স্বীকৃতি সাউথ-সাউথ সহযোগিতায় বাংলাদেশের ক্রমবর্ধমান অবদানকেও তুলে ধরেছে। একই সঙ্গে এটি দেখিয়েছে, জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো কীভাবে নিজস্ব গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে অর্জিত কার্যকর প্রযুক্তি অন্যান্য উন্নয়নশীল দেশের কৃষকদের জন্যও ব্যবহারযোগ্য করে তুলতে পারে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের সর্ববৃহৎ বহুমুখী ফসল গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কন্দাল ফসল, ডাল, তেলবীজ, শাকসবজি, ফল ও মসলাসহ ২১২টিরও বেশি ফসল নিয়ে গবেষণা পরিচালনা করছে। জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষির উৎপাদনশীলতা ও স্থায়িত্ব বাড়াতে উচ্চফলনশীল, জলবায়ু-সহনশীল ফসলের জাত এবং টেকসই কৃষি প্রযুক্তি উদ্ভাবনে বারি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
বারি চিনাবাদাম-৯-এর ISSCA Global Award 2026 অর্জন সেই ধারাবাহিক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের কৃষি গবেষণার এ সাফল্য ভবিষ্যতে গ্লোবাল সাউথের অন্যান্য দেশে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ও ফসলের জাত বিনিময়ের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।্র



