
গাজীপুর সংবাদদাতা : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কৃষি গবেষণাকে আরও যুগোপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “কৃষি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।” একই সঙ্গে তিনি দেশের কৃষির উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সফরের শুরুতে ব্রির প্রশাসনিক ভবনের সামনে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম এবং ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় মন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুছ ছালাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মো. সাইফুল আজম খান এবং কৃষি মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং ব্রি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি ব্রির মহাপরিচালকের সম্মেলন কক্ষে বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় তিনি জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং কৃষির আধুনিকায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী ধানের জাত ও উন্নত প্রযুক্তি উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভা শেষে মন্ত্রী ব্রির রাইস অ্যানালাইটিক্যাল ল্যাব, ফার্ম মেশিনারি শেড এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। এ সময় ব্রির বিজ্ঞানীরা তাকে ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, উন্নত ধানের জাত উদ্ভাবন এবং আধুনিক কৃষি প্রযুক্তি উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।



