
গাজীপুর সংবাদদাতা: কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম আজ (৭ মার্চ ২০২৬) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।
সকালে ইনস্টিটিউটের সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান বারির মহাপরিচালক ড. মোহাম্মদ আতাউর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে এ উপলক্ষে মহাপরিচালকের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বারির চলমান গবেষণা কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক ড. মোহাম্মদ আতাউর রহমান। তিনি দেশের কৃষি উন্নয়নে বারির বিভিন্ন উদ্ভাবন, নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমের বিষয়ে সংক্ষিপ্ত ধারণা উপস্থাপন করেন।
মতবিনিময়কালে কৃষি সচিব গবেষণার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বারির বিজ্ঞানীদের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে দিকনির্দেশনা দেন।
সভায় বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



