
আসাদুল্লাহ (ফরিদপুর) : ’করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জেলা প্রশাসন, ফরিদপুর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ফরিদপুরের আয়োজনে ডিসি অফিস চত্বরে বৃহস্পতিবার (১৮ -২০জুন) তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক, কৃষিবিদ মো. শাহাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফরিদপুর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অতিরিক্ত উপপরিচালক (হর্টিকালচার) জনাব ফরহাদুল মিরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের দেশে ১৩০ প্রকারের ফল চাষ হয় এরমধ্যে ৭০ প্রকারের ফল বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। স্বাদেগুনে দেশি ফলের কোন তুলনা হয় না আমাদের মাঝ থেকে দেশি ফল হারিয়ে যাচ্ছে যা বর্তমান সময়ের বাচ্চারা এর সাথে পরিচিত নন। এটাকে ফিরিয়ে আনার জন্য এই ফল মেলা। এবং ফলগুলো অপচয় না করে আমাদের সংরক্ষণ করা প্রয়োজন। করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস, এবারের প্রতিপাদ্যে সামনে রেখে সরকার ফল মেলার আয়োজন করেছে। মেলায় উপস্থিত সবাইকে ফলদ বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করার জন্য উদাত্ব আহবান জানান।
অনুষ্ঠান সঞ্চলনা করেন ফরিদপুর সদর উপজেলার কৃষি অফিসার, মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, এনজিও, বিভিন্ন সরকারী-আধা সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিসহ প্রায় শতাধিক উপস্থিত ছিলেন। মেলায় ১৫টি স্টল স্থাপন করা হয়েছে।



