
পাবনা সংবাদদাতা: পাবনা’র বেড়া উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্পসারণ অধিদপ্তর বেড়া’র আয়োজনে মঙ্গলবার (০৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্পসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক বলেন, ‘পার্টনার কংগ্রেস’ হলো অত্র প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত একটি সমাবেশ বা মিলনমেলা। এর মূল লক্ষ্য মাঠপর্যায়ের কৃষকদের নিরাপদ, আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া এবং কৃষিকে উৎপাদনমুখী থেকে স্মার্ট ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা। তিনি আরো বলেন, দিনদিন আমরা অতিরিক্ত ও অনিরাপদ খাবার গ্রহণ করার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। এতে খাবার গ্রহণের চেয়ে চিকিৎসা ব্যয় অনেকগুণে বেড়ে গেছে। এই জন্য উত্তম কৃষি চর্চার (GAP) মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি কেবল বিষমুক্ত ও পুষ্টিকর খাবারই নিশ্চিত করে না, বরং মানবস্বাস্থ্য, মাটি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে কৃষিকে টেকসই ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. রাফিউল ইসলাম। অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের বগুড়া অঞ্চলের লীড ফেসিলেটেটর ও সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত কবীর। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, কৃষক-কৃষানী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার উপস্থিত ছিলেন।



