
গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কৌলিসম্পদ ও বীজ বিভাগের (জিআরএস) আয়োজনে সোমবার (০৮ জুন) আমন-২০২৬ মওসুমের ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (তৈলবীজ) ড. মো. মঞ্জুরুল কাদির, ব্রি’র বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য জনাব মো. গোলাম সোবাহানী এবং ব্রি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল, ব্রি’র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং জিআরএস বিভাগের বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। জিআরএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জিআরএস বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইবনে সৈয়দ মো. হারুনুর রশিদ।
অনুষ্ঠানে জানানো হয়, জিআরএস বিভাগ আমন মওসুমের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহ মোট ৪৬৫ জন বীজ ডিলারের মাঝে ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ করবে। ইতোমধ্যে বিএডিসি-কে ৪২ টন ব্রিডার বীজ দেয়া হয়েছে। বাকি ৫৫ টন ব্রিডার বীজ ৪৬৪ জন বেসরকারি খাতের বীজ ডিলারের মাঝে বিতরণ করা হবে। এসব বীজ থেকে তাঁরা আমন মওসুমে ভিত্তি বীজ উৎপাদন করবে। ব্রির ব্রিডার বীজ বিতরণ কার্যক্রম আগামী ১৫ জুন পর্যন্ত চলবে।



