
গাজীপুর সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদা, শোক ও শ্রদ্ধার আবহে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে বারির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মঞ্জুরুল কাদির, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ সময় মহান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা শহীদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পরে ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর বারির সকল মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সন্ধ্যায় বারির মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়, যা সম্প্রীতি ও সহাবস্থানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
এছাড়া মহাপরিচালকের নেতৃত্বে পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
দিনব্যাপী নানা আয়োজনে বারি প্রাঙ্গণে ছিল শোক, শ্রদ্ধা ও প্রেরণার আবহ; ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে পুরো ইনস্টিটিউট হয়ে ওঠে এক অনন্য শ্রদ্ধার প্রদীপ।



