
মো. গোলাম আরিফ (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিম পাবনা জেলার চলমান কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) সকালে তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর ব্লকে সোলার সেচ প্রযুক্তি, ফল বাগান, গম, পেঁয়াজ, সরিষা, পলিনেট হাউস, নার্সারিসহ বিভিন্ন উচ্চমূল্যের ফসলের মাঠ ঘুরে দেখেন। মাঠ পর্যায়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশের পাশাপাশি তিনি কৃষক-কৃষাণীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় মহাপরিচালক বলেন, প্রতিটি জমিকে তার উপযোগিতা অনুযায়ী চাষের আওতায় আনতে হবে। জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বাগানের ফাঁকা জায়গা এবং ছায়া সহনশীল ফসল হিসেবে আদা, হলুদ ও মাসকলাই চাষের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আমাদের দেশের অনেক কৃষক প্রয়োজনের চেয়ে বেশি সার ব্যবহার করেন, যা মাটির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পেঁয়াজ, সরিষা, গমসহ সব ফসলে সুষম ও সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে এবং মাটির গুণগত মান রক্ষায় জৈব সার ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, দেশে রাসায়নিক সারের কোনো ঘাটতি নেই—গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। চাহিদা অনুযায়ী সার বাজারে সরবরাহ করা হচ্ছে। পলিনেট হাউস প্রযুক্তির বিষয়ে তিনি বলেন, এর মাধ্যমে বৃষ্টি, খরা, ঝড়, রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণ করে সারা বছর উন্নত মানের ফসল উৎপাদন করা সম্ভব। উচ্চমূল্যের চারা, সবজি ও ফুল চাষে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর। তিনি পলিনেট হাউসে মৌসুমি সবজি চাষের পাশাপাশি গুণগত মানসম্পন্ন চারা উৎপাদন করে তা স্থানীয় কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
মহাপরিচালক উপস্থিত কৃষক-কৃষাণীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের নিরলস পরিশ্রমের জন্য প্রশংসা করেন। তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং আধুনিক চাষাবাদে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. সামশুদ্দীন ফিরোজ, পাবনার উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক এবং ‘আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. এস এম হাসানুজ্জামান। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



