
পাবনা সংবাদদাতা: সুস্বাস্থ্য বজায় রেখে আগামী দিনের যোগ্য, সচেতন ও দক্ষ স্মার্ট নাগরিক হিসেবে কিশোর-কিশোরীদের গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ বুধবার (১১ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার মল্লিকা সানাউল্লাহ আনসারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পেইন আয়োজন করেন। এ কর্মসূচিতে বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ক্যাম্পেইনে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পুষ্টি চাহিদা, সুষম খাদ্য গ্রহণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং অপুষ্টি প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস ও সুস্বাস্থ্য বজায় রাখার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে কীভাবে আগামী দিনের যোগ্য, কর্মক্ষম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখা যায় সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
ক্যাম্পেইনে সচেতনমূলক বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ্দাম হোসেন ও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকমন্ডলী।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করতে পুষ্টি প্লেটের স্লোগান সংবলিত উপকরণ ও পুষ্টিকর খাবার প্রদান করা হয়।
বারটান আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে কিশোর-কিশোরীরা পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে অর্জিত জ্ঞান নিজেদের জীবনে প্রয়োগ করবে এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার মধ্য দিয়েই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সুগম হবে।

