
নিজস্ব প্রতিবেদক: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ করায় কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে আয়োজিত এ সমাবেশে এ্যাবের সাবেক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন পর্যায়ের কৃষিবিদরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার আসাদুজ্জামান কিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. হুমায়ুন কবির, প্রফেসর ড. মাহবুব ইসলাম, কৃষিবিদ মো. সাইফুল্লাহ আজাদ (সাবেক সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ ড. মমতাজ আলী (সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মো. এমদাদুল হক দুলু (সাবেক সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মো. লুৎফুর রহমান মৃদুল (সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ শফিকুল ইসলাম নোবেল (সাবেক সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মার্শাল (সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ নাসিরুদ্দিন মাহমুদ মিল্টন (সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মেহেদী মোহাইমেনুর রহমান পলাশ (সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ আব্দুর রশিদ ডাবলু (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মো. মাহফুজুর রহমান (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ ড. মো. আক্কাছ আলী (সাবেক ছাত্রদল নেতা, শেকৃবি), কৃষিবিদ মো. নজরুল ইসলাম (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ রেদওয়ান রিশাদ (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, শেকৃবি) এবং কৃষিবিদ মো. জাকির হোসেন (সাবেক ক্রীড়া সম্পাদক, ছাত্রদল, শেকৃবি)।
বক্তারা বলেন, কেআইবির মতো একটি পেশাজীবী প্রতিষ্ঠানে চাঁদাবাজি, আর্থিক অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন ও ভিন্নমত দমনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদ করায় গত ৪ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। পরবর্তীতে ১৬ জুন হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কৃষিবিদ সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বক্তাদের দাবি, ভিডিও ফুটেজে দেখা যায় কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন বিপ্লবের সঙ্গে পারভেজের উত্তপ্ত বাক্যবিনিময়ের পরপরই তার সঙ্গে থাকা লোকজন কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজের ওপর উপর্যুপরি হামলা চালায়। তারা ভিডিও ফুটেজের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী আন্দোলনের সঙ্গে যুক্ত। এমন একজন পেশাজীবী নেতার ওপর প্রকাশ্য হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হামলার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কেআইবির মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, পেশাজীবী সংগঠনের ভেতরে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব, ভয়ভীতি প্রদর্শন বা রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন। পাশাপাশি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে সারাদেশের কৃষিবিদ, শিক্ষক, পেশাজীবী ও শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
তবে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত এ্যাব সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



