
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ’ (এফআইভিডিবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষরিত হয়েছে।
১৪ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে “দি গ্রীন ইভোলিউশন: পাথওয়েজ টু ট্রান্সফরমিং ফুড সিস্টেমস ইন ইন্ডিয়া, বাংলাদেশ অ্যান্ড নেপাল” শীর্ষক বৈশ্বিক গবেষণা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, বর্তমান বিশ্বের আবহাওয়া পরিবর্তন ও জলবায়ু ঝুঁকির মধ্যে টেকসই কৃষি এবং নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় একাডেমিক গবেষণার পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত উন্নয়ন সংস্থাগুলোর সাথে কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার তিন দেশ ভারত, বাংলাদেশ ও নেপালের খাদ্য ব্যবস্থা রূপান্তরের লক্ষ্য নিয়ে গৃহীত এই প্রকল্প আঞ্চলিক কৃষি গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরে নতুন মাত্রা যোগ করবে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা বাস্তবমুখী গবেষণার সুযোগ পাবেন এবং এফআইভিডিবির মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্প্রসারণে সহায়ক হবে।
তিনি এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথ কৃষি গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং খাদ্য ব্যবস্থা রূপান্তরে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষক, গবেষক, এবং এফআইভিডিবির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



