
বাকৃবি সংবাদদাতা:শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির মেলবন্ধনে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং ফিশটেক (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার ১৬ নভেম্বর ২০২৬ বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার। বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক এবং ফিশটেক (বাংলাদেশ) লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন (R&D) বিভাগের পরিচালক মোহাম্মদ তারিক সরকার। এসময় উক্ত অনুষদের বিভাগীয় প্রধানগণ এবং সিনিয়র শিক্ষক, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদসহ অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমে কাজ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও ফিল্ড ভিজিটের সুযোগ সৃষ্টি, সরাসরি পর্যবেক্ষণ, সার্ভে এবং রিসোর্স পার্সোনাল, শিক্ষার্থী ও বিশেষজ্ঞদের বিনিময়ের মাধ্যমে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান (industry)-এর মধ্যে জ্ঞানের আদান-প্রদান এবং তথ্য ও যোগাযোগ উপকরণ ইনফরমেশন এক্সটেনশন কমিউনিকেশন(IEC) বিনিময় ইত্যাদি।
এছাড়া, উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় মৎস্য সংশ্লিষ্ট শিল্প ও মৎস্য খামার পর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং এর উৎকর্ষ সাধনে যৌথ গবেষণা প্রকল্প পরিচালনা, মাঠ পর্যায়ের গবেষণা ও ট্রায়াল এবং উভয় প্রতিষ্ঠানের আধুনিক ল্যাবরেটরি সুবিধা শেয়ার করার মাধ্যমে উচ্চতর গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

